Inspiration Welfare Society-এর অংশগ্রহণে প্রযুক্তিনির্ভর অন্তর্ভুক্তির বার্তা: বিশ্ব অটিজম দিবস ২০২৬ সেমিনার ও প্রদর্শনী
May 2, 2026
Inspiration Welfare Society-এর অংশগ্রহণে প্রযুক্তিনির্ভর অন্তর্ভুক্তির বার্তা: বিশ্ব অটিজম দিবস ২০২৬ সেমিনার ও প্রদর্শনী

৩০ এপ্রিল ২০২৬ তারিখে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত হলো এক তাৎপর্যপূর্ণ আয়োজন। প্রযুক্তি, স্বাস্থ্যসেবা ও সমাজ এই তিনটি ক্ষেত্রকে একসূত্রে গেঁথে “Artificial Intelligence in Autism Screening: Connecting Engineering, Healthcare and Society in Bangladesh” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সেমিনারটি ছিল জ্ঞান বিনিময় ও সম্ভাবনার এক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।

সেমিনারের কী-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন বুয়েটের IAT বিভাগের প্রফেসর ড. তাহসিনা ফারাহ সন ম, যিনি কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে অটিজম স্ক্রিনিংয়ের সম্ভাবনা ও বাস্তব প্রয়োগ নিয়ে আলোকপাত করেন। তাঁর বক্তব্যে প্রযুক্তিনির্ভর অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের একটি সুস্পষ্ট দিকনির্দেশনা উঠে আসে। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক সৈয়দা মুনিরা ইসলাম। তাঁর উপস্থিতি ও উৎসাহব্যঞ্জক বক্তব্য আয়োজনটিকে আরও প্রাণবন্ত করে তোলে।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদের হাতে তৈরি পণ্যের প্রদর্শনী, যেখানে তাদের সৃজনশীলতা, দক্ষতা এবং আত্মনির্ভরতার শক্তিশালী বার্তা উঠে আসে। এই প্রদর্শনী প্রমাণ করে যে সঠিক দিকনির্দেশনা ও সুযোগ পেলে তারাও সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম। ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি এই আয়োজনেও অংশগ্রহণ করে তাদের তৈরি পণ্য প্রদর্শনের মাধ্যমে, যা অংশগ্রহণকারীদের কাছ থেকে ব্যাপক সাড়া পায়। এই অংশগ্রহণ আমাদের চলমান উদ্যোগ ও অঙ্গীকারকে আরও দৃঢ় করে একটি অন্তর্ভুক্তিমূলক, সহানুভূতিশীল ও সক্ষম সমাজ গঠনের পথে।