১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২৬ উপলক্ষে চিত্রাঙ্কন আয়োজন
April 18, 2026
১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২৬ উপলক্ষে চিত্রাঙ্কন আয়োজন

১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২৬ উপলক্ষে আরটিভি (RTV) এবং ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি-এর সম্মিলিত উদ্যোগে আয়োজন করা হয় এক হৃদয়ছোঁয়া চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এই ব্যতিক্রমী আয়োজনে অংশগ্রহণ করে অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু ও ব্যক্তিরা।

এই প্রতিযোগিতাটি ছিল তাদের জন্য নিজেকে প্রকাশের এক উন্মুক্ত ও নিরাপদ মঞ্চ, যেখানে তারা রঙের ভাষায় তুলে ধরে তাদের অনুভূতি, কল্পনা ও স্বপ্নের গল্প—যা অনেক সময় শব্দে প্রকাশ করা সম্ভব হয় না। প্রতিটি চিত্র যেন একেকটি অনন্য দৃষ্টিভঙ্গির প্রতিফলন, যা আমাদের শেখায় বৈচিত্র্যের সৌন্দর্য ও শক্তির কথা। অনুষ্ঠানটি শুধু একটি প্রতিযোগিতা নয়; বরং এটি ছিল অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এখানে প্রতিফলিত হয়েছে এই বিশ্বাস—বৈচিত্র্য কোনো সীমাবদ্ধতা নয়, বরং সেটিই আমাদের সম্মিলিত শক্তি।এই আয়োজনে অংশগ্রহণ করে বিভিন্ন বিশেষ শিক্ষা প্রতিষ্ঠানের অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু ও ব্যক্তিরা, যাদের সৃজনশীলতা ও অনুভবের প্রকাশ সত্যিই ছিল অসাধারণ।

অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত ভাষ্কর জনাব তেজস হালদার যশ এবং বিশিষ্ট ভিজ্যুয়াল আর্টিস্ট, চিত্রশিল্পী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সহযোগী অধ্যাপক জনাব মোহাম্মদ কামাল উদ্দিন।
তারা এই আয়োজনে অংশ নিতে পেরে গভীর আনন্দ প্রকাশ করেন এবং অটিজম শিল্পীদের সৃজনশীলতা, রঙের ব্যবহার ও নিজস্ব আঙ্গিক দেখে মুগ্ধ হন। এই প্রতিযোগিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ যেখানে প্রতিটি শিশুর প্রতিভা সমানভাবে মূল্যায়িত হয়। আসুন, আমরা সবাই মিলে অটিজম সম্পর্কে সচেতনতা বাড়াই, গ্রহণযোগ্যতা গড়ে তুলি এবং তাদের প্রতিভার বিকাশে পাশে থাকি।

এই ধরনের উদ্যোগ অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদের সৃজনশীলতা ও সম্ভাবনাকে সামনে নিয়ে আসে এবং সমাজে ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

#AutismAwareness #InclusiveSociety #WorldAutismDay2026 #RTV #InspirationWelfareSociety